ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ বন্দর থানা শাখার সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, ২০ আগস্ট রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সালেহ নগর এলাকায় সন্ত্রাসী হামলায় আমাদের সংগঠনের দায়িত্বশীল নেতা মুজাহিদুল ইসলাম বুলবুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, বর্বর ও নিন্দনীয়। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, শেখ সিফাত ও তার গ্রুপের যেসব সদস্য এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তি বা গোষ্ঠীকেও তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
বিচারিক কার্যক্রমে প্রশাসন গুরুত্ব না দিলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।
পরিশেষে তারা শহীদ মুজাহিদুল ইসলাম বুলবুলের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।