পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
রবিবার (৯ মার্চ) সকালে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় রাবেয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার অসহায় ও নিম্ন আয়ের বহু পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে মশিউর রহমান রনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা, জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত এবং যুবদল নেতা সম্রাটসহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ বলেন, রমজানের এই পবিত্র সময়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এতে সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন যুবদল নেতা মশিউর রহমান রনি।
অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।